১৪ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৪ পিএম

মানসিক স্বাস্থ্যসেবার বিশেষ উদ্যোগে যুক্ত আরও ছয় জেলা 

মানসিক স্বাস্থ্যসেবার বিশেষ উদ্যোগে যুক্ত আরও ছয় জেলা 
দুই দিনব্যাপী এ কর্মশালায় সিভিল সার্জনরা নিজ নিজ জেলার জন্য নতুন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে চলমান স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ কার্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে আরও ছয় জেলা। এগুলা হলো—নোয়াখালী, শেরপুর, নেত্রকোনা, খুলনা, ঝিনাইদহ ও কুড়িগ্রাম।

এর অংশ হিসেবে এসব জেলার সিভিল সার্জনদের নিয়ে গত ১১ ও ১২ ডিসেম্বর মৌলভীবাজারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে এগিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে দেশের চার জেলায় স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথের কার্যক্রম শুরু হয়। এগুলো হলো যশোর, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও বান্দরবান। এ কার্যক্রমের পরিধি বাড়ানোর লক্ষ্যে এতে আরো ৬টি জেলাকে সম্পৃক্ত করা হলো।

আর এর প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় ‘স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথে’ নতুন করে অন্তর্ভুক্ত জেলাসমূহের সিভিল সার্জনগণ তাদের নিজ নিজ জেলার জন্য নতুন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতাল পরিচালক, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. মারুফ আহমেদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, সূচনা ফাউন্ডেশন, আইসিডিডিআর,বি ও সিআইপিআরবির প্রতিনিধিগণ। 

কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার লক্ষে চলমান কার্যক্রম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশলের সফল বাস্তবায়নের বিষয়ে অতিথিবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত