বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী শুরু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনীর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী।
প্রতিষ্ঠার ২৪ বছর পর বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়। আজ হচ্ছে এর প্রথম পুনর্মিলনী। অ্যালামনাই এসোসিয়েশনের মূল উদ্দেশ্য বিএসএমএমইউ থেকে পাস করা উচ্চ ডিগ্রিধারীদের একত্র করে দেশ ও জাতিকে আরও সেবা দেওয়া। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণালব্ধ প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করা।
সংশ্লিষ্টদের আশাবাদ, দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএসএমএমইউ থেকে উচ্চশিক্ষা নেওয়া চিকিৎসকরা এই সংগঠনের সদস্য গ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ হবেন। সংগঠনের সদস্য হিসেবে সবার দায়িত্ব চিকিৎসা সেবায় নিজেদের আরও নিয়োজিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ। দীর্ঘ দিন পর অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার জন্য বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের সম্মেলন বক্তা বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা রহমান বলেন, চিকিৎসকদের সযত্ন পরিচর্যায় পক্ষাঘাতগ্রস্ততা থেকে সুস্থতা পেয়েছেন তিনি। এজন্য চিকিৎসকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আরও উপস্থিত আছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।