কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোমেশন পদ্ধতি চালু
মেডিভয়েস রিপোর্ট: কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। গত ৯ নভেম্বর স্বাস্থ্য সেবাকে সহজিকরণ ও স্বাস্থ্য বিভাগের নতুন সংযোজন অটোমেশন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধন অনুষ্ঠানে এই ডিজিটাল অটোমেশন পদ্ধতির সঠিক ব্যবহারের মাধ্যমে সেবার মান কার্যক্রমকে আরও তরান্বিত করার জন্য সবাইকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
ডিজিটাল অটোমেশন কার্যক্রম সম্পর্কে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরাফাতুর রহমান বলেন, এই প্রকল্পের কার্যক্রমের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এটি এমন একটি অটোমেশন সিস্টেম, যা বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। হাসপাতালগুলোতে অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে প্রতিটি নাগরিক হাসপাতালে সেবা নেওয়ার সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে Patient identification (PID) নাম্বার পাবে। ফলে পরবর্তীতে যেকোন উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সেবা নিতে আর কোনো রোগীকে পুরাতন প্রেসক্রিপশন সঙ্গে নিতে হবে না বরং প্রতিটি ভিজিটের সময় শুধুমাত্র (PID) Scan করে স্বাস্থ্যসেবা নিতে পারবে। এক কথায় রোগী সার্ভিস শুরু থেকে ছাড়পত্র হওয়া পর্যন্ত সকল তথ্য লিপিবদ্ধ থাকবে এই অটোমেশনের মাধ্যমে।
অটোমেশন পদ্ধতিতে যেসব সেবা পাবেন রোগীরা
১. হাসপাতালে আগত সকল রোগীর তথ্য সংরক্ষিত ও পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক পেয়ে যাবেন পূর্বের সকল তথ্য।
২. রোগী খুব সহজে সকল পরীক্ষার রিপোর্টের কপি নিতে পারবেন।
৩. দ্রুত সময়ে সার্ভিস, কমবে রোগীর কাগজপত্র নিয়ে হয়রানি, পরীক্ষার বা ভর্তির টাকা পরিশোধ বিষয়ক থাকবে না কোনো ধরণের জটিলতা।
৪. চিকিৎসকরা এই তথ্য ভান্ডার থেকে বিভিন্ন গবেষণা ও যেকোন রোগের প্রাদুর্ভাব কোন এলাকায় বেশি, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
৫. হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৬. এছাড়াও আইনি সমস্যায় সহায়ক হিসেবেও কাজ করবে।
টিআই/