২৩ অক্টোবর, ২০২৩ ১০:৫১ এএম

সড়ক দুর্ঘটনায় ডা. তপন কুমার মন্ডলের মৃত্যু 

সড়ক দুর্ঘটনায় ডা. তপন কুমার মন্ডলের মৃত্যু 
ডা. তপন কুমার মন্ডল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল। রোববার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সূত্রে জানা গেছে, একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে প্রাইভেটকার চালিয়ে ঢাকায় ফিরছিলেন ডা. তপন কুমার মন্ডল। কাশিয়ানী উপজেলার গেরাখোলা এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় ডা. তপন গাড়িতে একাই ছিলেন।

পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

ডা. তপন কুমার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে সার্জারি এফসিপিএস করে সম্পন্ন করেন।

নিহত তপন কুমার বাগেরহাটে জেলার চিতলমাড়ি উপজেলার পরানপুর গ্রামের মৃত গৌরদাস মন্ডলের ছেলে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের ডা. শর্মিষ্ঠা ঘোষাল। স্ত্রী ও মেয়েকে নিয়ে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় থাকতেন ডা. তপন কুমার মন্ডল।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক