সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়র আতিক
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি জনগণকে সম্পৃক্ত করতে, সচেতনতা বাড়াতে। সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠন ওয়েস কর্তৃক আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ব্যর্থতা ও সফলতা বিচারের ভার জনগণের হাতে। জনগণ দেখছে ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, আমরা নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি জনগণকে সম্পৃক্ত করতে, সচেতনতা বাড়াতে। মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে। শিশুদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। ডিএনসিসির ওয়েবসাইটে সবার ঢাকা অ্যাপসে ও ফেসবুক পেজে এলাকাভিত্তিক মশককর্মীদের তালিকা দেওয়া আছে। সবাই সরাসরি মশককর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আতিকুল ইসলাম বলেন, আমি ম্যাজিস্ট্রেট নিয়ে মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে অভিযানে গিয়েছিলাম। সেখানে ভবনের বেজমেন্টে প্রচুর লার্ভা পেয়েছি, ম্যাজিস্ট্রেট তখন ৫ লাখ টাকা জরিমানা করে। এক মাস পরে আমি আবার জাপান গার্ডেনে অভিযানে গিয়েছি এবং দেখেছি ভবনগুলোর বেজমেন্টে কোনো লার্ভা নেই। পরিচ্ছন্ন পরিবেশ, কোথাও জমা পানি নেই। অতএব সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।