চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিকুল হকের জামিন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আতিকুল হককে জামিন দিয়েছে আদালত। আজ বুধবার (১৬ আগস্ট) রাজশাহী জেলা নারী ও শিশু ট্রাইবুনাল-২ এর বিচারক তাকে জামিন দেন।
ডা. আতিকুল হকের স্ত্রী ও চরঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহমিনা নাজনীন এ্যানি আজ দুপুর ৩টায় মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।
ডা. তাহমিনা বলেন, কোর্ট থেকে কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হতে দুই একঘণ্টা সময় লাগতে পারে। এরপর জেল থেকে মুক্তি মিলবে।
এর আগে ডা. আতিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গত সোমবার (১৪ আগস্ট) চারঘাট উপজেলায় মানবন্ধন করেছে এলকাবাসী। আয়োজনে ‘সাধারণ জনগণের ব্যানারে’ চারঘাট বাজার চার রাস্তার মোড়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা, ডা. রিয়াদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, পদ্মা বড়াল থিয়েটার সাধারণ সস্পাদক সাজেদুল করিম, কর্মী আব্দুল কুদ্দস ও শেখ মখলেছুর রহমান শিপু।
এর আগে ডা. আতিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কমচারীরা।
সূত্রে জানা যায়, এক নারীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে গত ৮ মাস পূর্বে ডা. আতিকের বিরুদ্ধে রাজশাহীর একটি আদালতে মামলা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ডা. আতিক। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এএইচ/