জাতীয় শোক দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিবে বিএসএমএমইউ
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ রোববার (১৪ আগস্ট) বিএসএমএমইউ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসমূহ, কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি সেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও দোয়া মাহফিল ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।
এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৭টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা। সকাল ৮টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন (চলবে দুপুর ১টা পর্যন্ত), বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসমূহ, সকাল ১০টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি কার্যক্রমের উদ্বোধন, ইআরসিপি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন, বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরাআন খতম ও দোয়া মাহফিল ইত্যাদি।