‘চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে ১৭০ জন মা নরমাল ডেলিভারি সেবা পায়’
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রতি মাসে প্রায় ১৭০ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করা হয়। শুক্রবার (১১ আগস্ট) একরাতেই ৯জন মা’কে নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শোভন দত্ত মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে প্রায় ১৭০ জন গর্ভবতী মা নরমাল ডেলিভারি সেবা পান। তবে কোনো কোনো মাসে ১৭০ এর বেশিও নরমাল ডেলিভারি হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে।’
ডা. শোভন দত্ত বলেন, বাড়তি কোনো ঝুঁকি ছাড়াই হাসপাতালের দক্ষ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ দ্বারা বিনামূল্যে ডেলিভারি সেবা নিয়েছেন তারা। সেবা পাওয়া ৯জন মা ও তাদের ১০ (এক মায়ের ২ জমজ শিশু হয়েছে) শিশু সুস্থ আছেন।
তিনি বলেন, ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ বেডের ভবন নির্মাণ হলেও এখনও প্রশাসনিকভাবে জনবল পদায়ন বা নিয়োগ দেওয়া হয়নি। তাই ৫০ বেডে চিকিৎসা কর্যক্রম চলছে। কিন্তু এই ৫০ বেডেই প্রতিদিন হাসপাতালের অন্তঃবিভাগে ১০০ রোগী ভর্তি থাকে। এ কারণে এখানে জনবল সংকট দেখা দিয়েছে।’
এই ইউএইচএফপিও বলেন, ‘আমাদের ৫০ বেডের হাসপাতালেই জনবল ঘাটতি আছে। এই ঘাটতি জনবল দিয়েই ১০০ বেডের সমপরিমাণ সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে স্বস্তির বিষয় হলো, হাসপাতলে আমরা সাপোর্ট হিসেবে কিছু এনজিও কর্মী পেয়েছি। তাদের দিয়ে সামাল দিতে হচ্ছ। কিন্তু এটাও পর্যাপ্ত নয়।’
তিনি বলেন, ১৮ টি ইউনিয়ন নিয়ে চকরিয়া উপজেলা। এই বিশাল উপজেলায় হাসপাতালে রোগীর চাপ অনেক। এ ছাড়া আশেপাশের লামা, আলিকদম, মহেশখালি ও কুতুবদিয়া উপজেলা থেকেও রোগী আসে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার জন্য অতিরিক্ত চাপে পড়তে হয় আমাদের।