০৮ অগাস্ট, ২০২৩ ০৫:৪৪ পিএম

ঢাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিসানের প্রচার, বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা

ঢাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিসানের প্রচার, বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা
ডিআরইউতে সংবাদ সম্মেলনে ব্রিফ করছেন কলকাতার ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত। ছবি: আব্দুল লতিফ সাদ্দাম

মেডিভয়েস রিপোর্ট: নব নির্মিত ভবনে ৪৫০ শয্যা বাড়িয়ে কলকাতার অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিসান হাসপাতালকে ৭৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন ভবনে ২১টি অপারেশন থিয়েটার (ওটি), ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসা, ৩২ শয্যার ইমার্জেন্সি, পূর্ণাঙ্গ রেজিওলজি, তিনটি আইসোলেশন কক্ষ সংযোজন করা হয়েছে। আগামী ২/৩ মাসের মধ্যে এসব কার্যক্রম পুরোদমে শুরু হবে।

নতুন ইউনিটের উদ্বোধন নিয়ে আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত।

এ ছাড়া এই হাসপাতালে রোগীদের চিকিৎসায় নতুন নতুন সেবার সংযোজন ও ‍সুবিধার কথা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে এক হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিসান হাসপাতালের সেবা প্রদান প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রা শুরুর দেড় বছরের মধ্যে তিনশ’ শয্যার হাসপাতালটি ভারত সরকারের কাছ থেকে আকষর্ণীয় এনএবিএল ও এনএনবিএইচ স্বীকৃতি অর্জন করেছে।

এ সময় চিকিৎসা প্রদানে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান। বলেন, ‘কার্ডিয়াক, ক্যান্সার, নিউরো ও গ্যাস্ট্রো—এই চার বিভাগে আমরা সব থেকে এগিয়ে। দক্ষিণ এশিয়ায় আমাদের থেকে কেউ এগিয়ে নেই। অন্যান্য কিছু চিকিৎসায় কেউ হয় তো এগিয়ে, কিন্তু এগুলো ও ডায়াগনোসিসে আমরা এগিয়ে। আমাদের হাই কোয়ালিটির সিটি ও এমআরআই মেশিন রয়েছে।’

তিনি বলেন, ‘সাড়ে সাতশ’ শয্যার হাসপাতাল আমাদের। মাথায় দেখবেন হেলিপ্যাড আছে। এটা তৈরি করা হয়েছে, যাতে এর মাথায় ভারি ভারি হেলিকপ্টার নামতে পারে। এ রকম হাসপাতাল ইস্টার্ন ইন্ডিয়ায় আর নেই।’ 

এ সময় প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক রোগী ভারতে যাওয়ার কথা জানিয়ে সজল দত্ত বলেন, করোনায় এ সংখ্যা কমে গিয়েছিল, তবে এখন আবার বেড়েছে।

তিনি বলেন, ভারতে চার ধরনের রোগী সবচেয়ে বেশি আসে। প্রথমত হার্টের, এ বিভাগের রোগীরা বিশেষ করে বাইপাস, স্ট্যান্টের জন্য আসেন। এ ছাড়া ক্যান্সার, নিউরোলজি এবং গ্যাসট্রোএন্টারলজির রোগীরাও চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রত্যাশার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন সজল দত্ত।

তিনি বলেন, বাংলাদেশের রোগীদের প্রত্যাশাগুলো হলো, সুচিকিৎসা, সুনির্দিষ্ট খরচ, হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা, যথাযথ তত্ত্বাবধান এবং রোগ নির্ণয়ের পর চিকিৎসা শেষে নিরাপদে দ্রুত বাড়ি ফেরার নিশ্চয়তা।

এর বেশি কারও প্রত্যাশা থাকে না উল্লেখ করে সজল দত্ত বলেন, এসব বিষয়ে আলাদা গুরুত্ব দেয় ডিসান।

এ সময় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত সরকারের তথ্য অনুযায়ী, ভিসার জন্য প্রতি দিন বাংলাদেশ থেকে ২৭ হাজার আবেদন জমা পড়ে। এ থেকে সব মিলিয়ে প্রতি দিন ৯ হাজার ভিসা দেয় ভারত, এটি যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। বিশ্বের আর কোনো দেশ অন্য দেশকে এতো ভিসা দেয় না। আমরাও রোগীর ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণমাধ্যমের জন্য আমি কিছু একটা ভেবে রেখেছি। আপনারা ডিসান হাসপাতালে যখন আসবেন, শুধু প্রেস কার্ডটা দেখাতে হবে। তাহলে আপনাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট করবে ডিসান।’

বাংলাদেশে হাসপাতাল তৈরির পরিকল্পনা

সংবাদ সম্মেলনে বাংলাদেশে হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান ডিসান চেয়ারম্যান সজল দত্ত। বলেন, এরই মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে তাঁদের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। এ লক্ষ্যে চারটি অঞ্চলকে পরিকল্পনায় নিয়ে জমি কেনার প্রচেষ্টা চলছে। এগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারবো।’

সজল দত্ত বলেন, ‘গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

তবে তাদের নির্মিতব্য হাসপাতালে বাংলাদেশের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর তুলনায় চিকিৎসা ব্যয় কেমন হবে, এ ব্যাপারে কোনো ধারণা দেননি তিনি।

হাসপাতালে কারা সেবা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা এখানে মেন্টালি যুক্ত হবেন। ভারত থেকে কিছু চিকিৎসক আসবেন, যারা অনেক দক্ষ। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় হবে।’

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক