নিটোরের সামগ্রিক চিত্র জানা, উন্নতি সাধন সহজ হবে: নতুন পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) দীর্ঘ দিন ধরে কাজ করার ফলে এ প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান। ফলে সমস্যার সমাধান ও সম্ভাবনাগুলো নিয়ে কাজ করা তাঁর জন্য সহজতর হবে বলে মনে করেন তিনি।
দায়িত্ব প্রাপ্তি নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আজ সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান মেডিভয়েসকে বলেন, ‘আজকেই আদেশটি হয়েছে। নিটোরে আমার পরিক্রমা দীর্ঘ দিনের। ১৯৯৮ সালে এখানে মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করেছিলাম। এর পর পোস্টগ্র্যাজুয়েশন করি, সিএ হিসেবে দায়িত্ব পালন করেছি। সহকারী অধ্যাপক থেকে পর্যায়ক্রমে পদোন্নতি পেতে পেতে অধ্যাপক হলাম। আজকে স্বপ্নের এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সরকার আমাকে নিয়োগ দিয়েছে। এর চেয়ে খুশির কিছু হতে পারে না।’
পরিচালক পদে জ্যেষ্ঠ অনেক চিকিৎসক প্রতিদ্বন্দ্বী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সরকারপ্রধান বিভিন্ন দিক বিবেচনায় আমাকে এ রকম সম্মানিত পদে আসীন করেছেন। উনারা আমাকে যোগ্য মনে করেছেন, এতে আমি যারপর নাই খুশি। নিটোরের উন্নয়নে আমাকে ঘিরে কর্তৃপক্ষের সকল প্রত্যাশা পূরণে আমি সর্বাধিক চেষ্টা করবো।’
কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সাবজেক্ট, আমার প্রতিষ্ঠান ও আমাদের দেশের মানুষের সেবায় নিজেকে সর্বোচ্চ মেলে ধরবো, অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করবো।’
‘দীর্ঘ দিন ধরে কাজ করার কারণে নিটোরের সামগ্রিক চিত্র আমার নখদর্পণে আছে। ফলে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে কাজ চালিয়ে যাবো, এবং এ কাজ আমার জন্য সহজসাধ্য হবে’, যোগ করেন নিটোরের নতুন পরিচালক।
এর আগে দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক হিসেবে নিয়োগ পান প্রতিষ্ঠানটির নিয়মিত অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান। তিনি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লার স্থলাভিষিক্ত হলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. কাজী শামীম উজজামানকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’