৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়েছে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের নেতারা।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘কয়েকটি শর্তসাপেক্ষে আমরা এই পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধি মেনে নিয়ে আগামী শনিবার (২২ জুলাই) নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি।’
শর্তগুলো হলো-ভাতা ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার করা হবে এবং সেটা চলতি মাস থেকেই কার্যকর করতে হবে, ভাতা প্রতি মাসে দেওয়া হবে এফসিপিএস ট্রেইনিদের, সাপ্তাহিক ২ কর্মদিবস ছুটি দেওয়া হবে এবং প্রাইভেট প্র্যাকটিসে কোনো বাঁধা দেওয়া হবে না (সিন্ডিকেট মিটিংয়ে পাসের পর), আন্দোলনরত অবস্থায় একাডেমিক অনুপস্থিতির জন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আরেক ধাপে ভাতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সত্যি বলতে, এই ফলাফলে আমরা সকলেই আশাহত। তারপরেও আমাদের আর কিছুই করার ছিলোনা। তবে দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিচ্ছি, এই প্রতিশ্রুতিগুলো যদি একটাও না মানা হয়, এর পরিণতি হবে ভয়ানক। আমরা একবার যেহেতু মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি, আর পিছপা হবো না।’
ডা. জাবির হোসেন আরও বলেন, ‘১৭ জুলাই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ স্যার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী স্যার, মহাসচিপ অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন স্যার এবং ডিজিএমই ডা. টিটো মিয়া স্যারের সাথে আমাদের প্রতিনিধি দলের মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমাদের অভিভাবকদের এসব প্রতিশ্রুতিকে আমরা বিনাবাক্যে বিশ্বাস করে নিয়েছি। কারণ তারা আমাদেরকে কথা দিয়েছেন, আগামী ৬মাস পর জানুয়ারি মাসে এই ভাতা আমাদের আশানুরূপ বাড়ানো হবে এবং যতো যা কিছুই হোক না কেন, এতে তারা আমাদের পক্ষে থাকবেন।’
টিআই/এসএস