১৯ জুলাই, ২০২৩ ১২:৫৪ পিএম

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় এবার জামিন পেলেন ডা. মিলি 

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় এবার জামিন পেলেন ডা. মিলি 
আজ বুধবার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নেওয়া নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত গাইনি বিশেষজ্ঞ ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। ডা. মিলি এ মামলার ৫ নম্বর আসামি।

এর আগে গত ৫ জুলাই আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে চার সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

একই মামলায় গতকাল ১৮ জুলাই গ্রেপ্তার দুই ডা. মুনা সাহা  ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন মঞ্জুর করেছেন আদালত।

গত ১৫ জুন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) রাসেল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদীর ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন।

প্রসঙ্গত, সেন্ট্রাল হাসপাতালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সেদিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একইসঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন। 

মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখিও।

টিআই/এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক