‘চিকিৎসকদের ফৌজদারি আইনে আটক করলে চিকিৎসাসেবা ব্যাহত হবে’
মেডিভয়েস রিপোর্ট: তদন্তের পূর্বেই চিকিৎসকদের ফৌজদারি আইনে আটক বা গ্রেপ্তার করলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে ‘গর্ভাবস্থায় ও প্রসবকালীন জটিলতা কিভাবে কমিয়ে আনা যায়’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভিসি বলেন, ‘তদন্তের পূর্বেই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। এতে রোগীরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তখন রোগীদের জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকরা মামলা বা গ্রেপ্তারের বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি চিকিৎসাসেবা দানের ক্ষেত্রে তাদের মাঝে এক ধরণের অনিহাভাব কাজ করবে, এটাই স্বাভাবিক।’
সেন্ট্রাল হাসপাতালের ওই ঘটনা অনেকটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রসূতি মায়েদের সেবা নিশ্চিত করার জন্য মিডওয়াইফদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছে। সারা দেশে সিজারিয়ান অপারেশনকে একটি নির্দিষ্ট প্রটোকল ও সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। গর্ভবতী মা ও তার সন্তানের অবস্থা বুঝে চিকিৎসক সিদ্ধান্ত দিবেন যে, সিজার করা হবে, না নর্মাল ডেলিভারি হবে। আগেভাগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশে শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে মাতৃ মৃত্যুর হার ২০৩০ সালে প্রতি লাখে সত্তরে নিয়ে আসতে চাই।
এএইচ/