১১ জুলাই, ২০২৩ ০৮:৫২ পিএম
স্বাস্থ্যের ডিজি

প্রতি কমিউনিটি ক্লিনিকে বছরে ৯,৬১৮ রোগী সেবা নেন

প্রতি কমিউনিটি ক্লিনিকে বছরে ৯,৬১৮ রোগী সেবা নেন
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে পান রোগীরা।

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে বছরে ৯ হাজার ৬১৮ রোগী সেবা নেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, সারাদেশে ১৪ হাজার ২১০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।  প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ২৬ জন রোগী সেবা নেন। গড়ে মাসে ৫৭৬ জন এবং বছরে ৯ হাজার ৬১৮ রোগী সেবা পেয়ে থাকেন। এছাড়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে পান রোগীরা।

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে ‘কমিউনিটি ক্লিনিক: সার্বজনীন স্বাস্থ্য সেবায় একটি উদ্ভাবনী উদ্যোগ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ঢাকায় দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন চলবে বুধবার (১২ জুলাই) পর্যন্ত। মঙ্গলবার (১১ জুলাই) এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার এসইআরও সদস্য দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীরা অংশ নেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করা হয়েছে, যাতে কেউ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী না হয়ে ওঠে।

অনুষ্ঠানে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আমি কতগুলো সৌন্দর্য অনুভব করি। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। প্রতিটি ক্লিনিকের মাধ্যমে ছয় হাজার মানুষ সেবা পেতে পারে। বাংলাদেশের মতো সমতল ভূমিতে ছয় হাজার মানুষের কাছে সেবা পৌঁছানো সহজ বিষয়। তবে সবসময় সব জায়গায় তা নাও হতে পারে। ভৌগলিক স্থান সম্পর্কে বিবেচনা করা প্রয়োজন বলে আমার মনে হয়। তাতে করে অন্য দেশগুলো আমাদের অভিজ্ঞতা নিজ দেশে কাজে লাগাতে পারবে।

তিনি বলেন, কমিউনিটির জন্য যেকোনো উদ্যোগ প্রসারে কমিউনিটির সঙ্গে যোগসূত্র অবশ্যই থাকতে হবে। কমিউনিটি ক্লিনিক হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। যে জায়গায় সেবা দেওয়া হচ্ছে, সেই জায়গাটি কমিউনিটির। সরকার অবকাঠামো করে দিচ্ছে তাদের নিজেদের হাতে। কমিউনিটি সাপোর্ট গ্রুপ সহায়তা করছে, রোগীর ব্যবস্থাপনায়, রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক