১১ জুলাই পর্যন্ত সারাদেশে করোনার বিশেষ টিকাদান ক্যাম্পেইন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে আবারও শুরু হয়েছে কোভিড-১৯ বিশেষ টিকাদান ক্যাম্পেইন। আজ বুধবার (৫ জুলাই) শুরু হওয়া বিশেষ এ ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এই ক্যাম্পেইনে করোনার ৩য় ও ৪র্থ ডোজ টিকা দেওয়া হবে।
মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তার থেকে বেশি বয়সী সকল নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের ৩য় এবং ৪র্থ ডোজ দেওয়া হবে। ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ মাস পূর্বে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে।
তবে এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হবে।
এছাড়াও চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যে সকল নাগরিক এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করেননি তারা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি ৫-১১ বছর বয়সী যে সকল শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।