দ্য ল্যানসেটের প্রতিবেদন
বিশ্বে ২০৫০ সাল নাগাদ ডায়াবেটিস রোগী দাঁড়াবে ১৩০ কোটি
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে ২০৫০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা অন্তত ১৩০ কোটি হবে। বিশ্বে প্রতিটি দেশেই ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ব। ২০৪৫ সালের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশের প্রাপ্তবয়স্ক মানুষের তিন-চতুর্থাংশ ডায়াবেটিসে আক্রান্ত হবেন বলে নতুন এক গবেষণায় জানা গেছে।
শুক্রবার (২৩ জুন) প্রকাশিত চিকিৎসাবিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণার তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বে আনুমানিক ৫২ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি মানুষের মৃত্যুর শীর্ষ ১০ কারণের একটি। এ ছাড়া ডায়াবেটিস বহু মানুষের শারীরিক সক্ষমতাও কেড়ে নেয়। আক্রান্তের ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। এ সংখ্যা আগামী তিন দশকে বেড়ে ১৩০ কোটি ছাড়াবে। ডায়াবেটিসে যাদের মৃত্যু হচ্ছে, তাদের অর্ধেকেরই ওজন স্বাভাবিকের চেয়ে বেশি বা তারা স্থূলতায় আক্রান্ত। অন্য কারণগুলোর মধ্যে আছে– খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা, ধূমপান ও মদ্যপান।
এ গবেষণার অন্যতম সদস্য ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রধান বিজ্ঞানী লিয়ান অং বলেন, বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস (হয়তো তারা বেশি বেশি ফল ও সবজি খেতেন) গত তিন দশকে অনেকটাই বদলেছে। লোকজন বেশি বেশি প্রক্রিয়াজাত খাবারে অভ্যস্ত হয়েছেন।
দ্য ল্যানসেটের অন্য এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশেও সংখ্যালঘু তথা কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, এশীয়দের মধ্যে ডায়াবেটিসের হার দেড় গুণ বেশি। এ জন্য মেডিকেল কলেজ অব উইসকনসিনের গবেষক ‘ক্রমবর্ধমান ডায়াবেটিস বৈষম্য’কে দায়ী করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্ণবাদী নীতির কারণে একটি বিশেষ শ্রেণির মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সূত্র: এএফপি
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’