স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোসহ ৮ পরামর্শ হেনরি বি পেরির
মেডিভয়েস ডেস্ক: দেশের স্বাস্থ্য খাতে ভবিষ্যতে সাফল্য পেতে অর্থায়ন বৃদ্ধিসহ ৮টি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য শাখার জ্যেষ্ঠ সহযোগী হেনরি বি পেরি।
শনিবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ হেলথ ওয়াচ গত বছর ‘স্বাধীনতার পঞ্চাশ বছর: বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাত নিয়ে এ কথা বলেন তিনি।
নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দাতা সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশন, সুইডিস দূতাবাস ও ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে হেনরি বি পেরি বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। এ সাফল্য উদযাপন করার মতো। ৫০ বছরে যেভাবে সাফল্য এসেছে ভবিষ্যতে একইভাবে সাফল্য নাও আসতে পারে। ভবিষ্যতের সমস্যা মোকাবিলায় অন্তত আটটি কঠিন কাজ বাংলাদেশকে হাতে নিতে হবে।
পরামর্শ ৮টি হলো
১। উদ্ভাবন
২।স্বাস্থ্য খাতে অর্থায়ন বৃদ্ধি
৩। একটি দৃঢ় প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতি গড়ে তোলা
৪। কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের শক্ত পেশাদার হিসেবে গড়ে তোলা
৫। অর্থায়ন বিকেন্দ্রীকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষমতা বৃদ্ধি
৬। বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় মোকাবিলার জন্য সব নাগরিকের জন্য বিমার ব্যবস্থা
৭। গবেষণা জোরদার করা
৮। দৃঢ় নাগরিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা