অসাম্প্রদায়িক ও মানবতার কবি নজরুল চর্চার বিকল্প নেই: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও ধর্মীয় কুসংস্কারের বিপরীতে অসাম্প্রদায়িক ও মানবতার কবি নজরুল চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৪ মে) নজরুল স্মৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএমএমইউ ভিসিকে নজরুল পদক প্রদান করা হয়। এই পদক গ্রহণের পর তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, ‘বাঙালির জীবনে নজরুলের দিগন্ত বিস্তর প্রভাব রয়েছে। মানবতাবাদী কবি নজরুল একুশ শতকে এসে হয়ে উঠেছেন মনুষ্যত্বের কবি। যখন দেশে দেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, ধর্মীয় কুসংস্কার বাড়ছে তখন তার বিপরীতে অসাম্প্রদায়িক ও মানবতার কবি নজরুল চর্চার বিকল্প নাই।’
তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কেবিনে চিকিৎসাধীন ছিলেন, বিদ্রোহী কবির স্মৃতিধন্য সেই ঐতিহাসিক ১১৭ নম্বর কেবিন সংরক্ষণের কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, তা আগামী দিনে নতুন প্রজন্মের জন্য আমাদের জাতীয় কবিকে জানতে ও জাতীয় কবির স্মৃতি সংরক্ষণে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
নজরুল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।