কেরাণীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকরণীয় উদ্যোগ
বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডে ভূষিত ডা. ইসমেতসহ তিন স্বাস্থ্যকর্মী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবায় আন্তরিক ও নিরলস অবদানের স্বীকৃতি স্বরূপ কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন ডা. ইসমেত জাহান (আলো)। হাসপাতালের গত মাসিক সমন্বয় সভায় তিনিসহ তিন স্বাস্থ্যকর্মীর হাতে এ পুরস্কার প্রদান করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদানের পর থেকে ডা. আরাফাতুর রহমান কেরাণীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো উন্নত ও রোগীবান্ধব করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। এর একটি হলো অপেক্ষাকৃত ভালো সেবাদানের স্বীকৃতি স্বরূপ স্বাস্থ্যকর্মীদের বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান।
প্রতি তিন মাস পর পর এ পুরস্কার দেওয়া হয়। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য চিকিৎসক, নার্সিং ও মিডওয়াইফ এবং চতুর্থ শ্রেণী একজনকে পুরস্কারের জন্য মনোনীত করে স্বাস্থ্য কমপ্লেক্সটি। পুরস্কার হিসেবে দৃষ্টিনন্দন ক্রেস্টের পাশাপাশি মূল্যবান বই ও ডায়েরি দেয়া হয়ে থাকে।
জানতে চাইলে কেরাণীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আরাফাতুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘এখানে তিন ক্যাটাগরিতে যারা ভালো পারফর্ম করছেন, তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি। এক্ষেত্রে যারা ভালো করবেন, তাদের জন্য পুরস্কার আছে। বিপরীতে যারা কাঙিক্ষত স্বাস্থ্যসেবা প্রদান করতে পারছেন না, তারা যেন ভালো করেন সে ব্যাপারে উৎসাহ-উদ্দীপনা দেওয়া হবে।’
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. ইসমেত জাহান মেডিভয়েসকে বলেন, ‘ব্যক্তিগত হাজারো প্রতিকূলতার মাঝে জীবন যেথায় থমকে গেছে, এর মাঝে কিছুটা প্রশান্তির প্রতীক এই অ্যাওয়ার্ড। মোস্ট ডায়নামিক ইউএইচএফপিও আরাফাতুর রহমান স্যারের নতুন নতুন বেশ কিছু উদ্ভাবনীর মধ্যে একটি হলো, বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড।’