নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৭ জনেরই মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৭ জনই মারা গেছেন।
আজ বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সবশেষ মারা যান দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫)। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান দগ্ধ মো. ইলিয়াস (৩৫)। এরপর শুক্রবার (৫ মে) সকালে দগ্ধ নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) মারা যান। এছাড়া রাত ১১টার দিকে মারা যান গোলাম রাব্বী (৩৫)। শনিবার (৬ মে) বিকেলে মারা যান দগ্ধ জুয়েল মিয়া (৩৫)।