এ বছরেই সারাদেশে সান্ধ্যকালীন চিকিৎসা চালু: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: এ বছরেই দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ভার্চুয়ালি দেশের অপর সাতটি মেডিকেল কলেজে স্থাপন করা এই ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, 'রোগী ও রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানাধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবে আমরা সান্ধ্যকালীন চিকিৎসা সেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশাকরি এ বছরেই সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।'
তিনি বলেন, 'দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরি চালু হওয়ার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পেল। উন্নত দেশগুলোর মতো সুবিধা পেতে শুরু করল। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।'