বিএসএমএমইউ’র সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন সায়মা ওয়াজেদ
মেডিভয়েস রিপোর্ট: অটিজম নিয়ে অবদান রাখায় বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।
আজ সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তনে তার হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সায়মা ওয়াজেদ হোসেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা।
বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ অটিজম নিয়ে কাজ করে বাংলাদেশকে সারা বিশ্বে সুপরিচিত করেছেন। এ নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। এই কারণেই আমরা তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের অন্য দুই সিনিয়র অধ্যাপক- অর্থোপেডিক সার্জন অধ্যাপক কাজী শহিদুল আলম এবং ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে সায়মা ওয়াজেদ হোসেনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তন আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
স্বাগত বক্তব্য রাখবেন, উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভারতের বিহারে ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক রাজবর্ধন আজাদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।