১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০২ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব জানতে আইসিডিডিআরবির ওয়েবসাইট চালু 

জলবায়ু পরিবর্তনের প্রভাব জানতে আইসিডিডিআরবির ওয়েবসাইট চালু 
আইসিডিডিআর,বি’র রিসার্চ ফর ডিসিশন মেকারস (আরডিএম) এর সহায়তায় এ ওয়েবসাইট চালু করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে ওয়েবসাইট চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য-উপাত্ত এবং গবেষণালব্ধ ফলাফলের জন্য এটি একটি ওয়ান-স্টপ রিসোর্স হিসেবে কাজ করবে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বি-র সাসাকাওয়া সেমিনার কক্ষে এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

আইসিডিডিআর,বি’র রিসার্চ ফর ডিসিশন মেকারস (আরডিএম) এর সহায়তায় এ ওয়েবসাইট চালু করা হয়।

এসময় আইসিডিডিআর,বি’র ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিসনের জ্যেষ্ঠ পরিচালক ড. শামস আল আরিফিন বলেন, ‘জলবায়ু পরিবর্তন এসময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে একটি। স্বাস্থ্যের ওপর এর প্রভাব ভালোভাবে বোঝার জন্য আমাদের কাছে নির্ভুল এবং হালনাগাদ তথ্য-উপাত্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্দেশ্যে এ নতুন ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আইসিডিডিআর,বি’র ইমেরিটাস সায়েন্টিস্ট ও প্রকল্প প্রধান ড. পিটার কিম স্ট্রিটফিল্ড এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আতিক আহসান ওয়েবসাইটটির গঠন, কার্যকারিতা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কিত রিয়েল-টাইম তথ্য প্রদানের সক্ষমতা উপস্থাপন করেন।

বায়ুর গুণগত মান, তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপের জন্য একটি স্বয়ংক্রিয় যন্ত্র আইসিডিডিআর,বি-র মহাখালী দপ্তরে বসানো হয়েছে যেটি প্রতি ঘণ্টার রিয়েল-টাইম তথ্য-উপাত্ত প্রদান করছে।

ড. স্ট্রিটফিল্ডের উপস্থাপনা এবং ওয়েবসাইটটি উদ্বোধন করার পর একটি উন্মুক্ত আলোচনা হয়। যেখানে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষণাকারী এবং প্রোগ্রাম বাস্তবায়নকারীরা এ ওয়েবসাইটের গুরুত্ব এবং এটিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় তা নিয়ে আলোচনায় অংশ নেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের সমন্বয়কারী ড. ইকবাল কবির আইসিডিডিআর,বি গবেষণা দলকে ওয়েবসাইটটি তৈরি করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নীতি-নির্ধারকদের পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএসএআইডি’র জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি অফিসের উপ-পরিচালক মিরান্ডা বেকম্যান সমাপনী বক্তব্যে বলেন, ওয়েবসাইটটি গবেষকদের প্রয়োজনীয় তথ্য পেতে সাহায্য করবে। এ ওয়েবসাইট জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য সমস্যা সম্পর্কেও সচেতনতা বাড়াবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিডিডিআর,বি’র হেলথ সিস্টেম অ্যান্ড পপুলেশান স্ট্যাডিজ ডিভিসনের ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক ড. মনজুর আহমেদ হানিফি এবং ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিসনের, হেড অফ রিসার্চ ড. কামরুন নাহার। এছাড়া বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউএসএআইডি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক