০৮ জানুয়ারী, ২০২৩ ০৪:১০ পিএম

বিএমডিসির আশ্বাসে মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

বিএমডিসির আশ্বাসে মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে করা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

আজ রোববার (৮ জানুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

এর আগে আজ রোববার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজধানীর বিজয়নগরে বিএমডিসি কার্যালয়ের সামনে যান তারা। সেখানে নিজেদের দাবির পক্ষে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিএমডিসি কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গেলে বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন আগামী সাত কার্য দিবসের মধ্যে সমস্যা সমাধানে সভা আয়োজনের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, নিদিষ্ট সময়ে দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

এর আগে গত ২৭ ডিসেম্বর একই দাবিতে বিএমডিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

এসএস 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত