২৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৬ পিএম

ক্যারিঅন পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন 

ক্যারিঅন পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৮ ডিসেম্বর) থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএমডিসির সামনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই আমরা সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

তারা বলেন, ‘গতকাল মঙ্গলবার বিএমডিসির সামনে আমরা কর্মসূচি পালন করেছি। সেখান থেকেই যতদিন পর্যন্ত না দাবি আদায় হবে, ততদিন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তারা আরও বলেন, আজ দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের কাছে ক্লাস বর্জনের লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি তা গ্রহণ করেছেন, কিন্তু কোনো কিছুই বলেননি।

এ ছাড়া পরবর্তী কর্মসূচির ব্যাপারে শিক্ষার্থীরা জানান, দুই-একদিনের মধ্যেই সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারা অন্য সকল মেডিকেল কলেজের বন্ধু-বান্ধবদেরও নিজ নিজ ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জন করে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানান।

আজ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও নোয়াখালীর  আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে রাজধানীর বিজয় নগরে বিএমডিসি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন এই শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্যারিঅন বাতিল ও সিজিপিএ পদ্ধতি চালু করা হয়েছে। অযৌক্তিক এ সিদ্ধান্ত থেকে না সরে আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত