যক্ষ্মা নিয়ে গবেষণায় ফাইজাহ এম আল-খারাফি পুরস্কার পেলেন ডা. সায়েরা
মেডিভয়েস রিপোর্ট: যক্ষ্মার ওপর গবেষণা, যক্ষ্মা নিয়ন্ত্রণে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে ব্যবহারের জন্য দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ফায়জাহ এম আল-খারাফি পুরস্কারে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সিনিয়র সায়েন্টিস্ট ও প্রোগ্রাম অন ইমার্জিং ইনফেকশন্সের প্রধান ডা. সায়েরা বানু।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আইসিডিডিআর,বি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যক্ষ্মা বিষয়ক গবেষণায় ড. সায়েরা বানুর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আইসিডিডিআর,বি-তে যক্ষ্মা গবেষণাগার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অনেক গবেষণার ফলাফল বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য তাদের নীতি ও নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করেছে।
প্রসঙ্গত, দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো ফায়জাহ এম আল-খারাফির নামানুসারে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশগুলোর নারী বিজ্ঞানীদের অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।