১৯ ডিসেম্বর, ২০২২ ১১:১৩ পিএম

এসএএপি’র ভাইস প্রেসিডেন্ট হলেন ডা. শামস রূহানী

এসএএপি’র ভাইস প্রেসিডেন্ট হলেন ডা. শামস রূহানী
ডা. শামস রূহানী

মেডিভয়েস রিপোর্ট: সাউথ এশিয়ান এসোসিয়েশন অব ফিজিলিওলজিস্টের (এসএএপি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. শামস রূহানী। গত ১৬ ডিসেম্বর সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সামিনা মালিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ডা. শামস রূহানী বলেন, ‘এসএএপি হলো দক্ষিণ এশিয়ার ফিজিওলজিক্যাল সোসাইটিগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলে প্রত্যেক দেশ থেকে ভাইস প্রেসিডেন্ট বাছাই করেন, যারা নিজ দেশের ফিজিওলজি সোসাইটিগুলোতে সক্রিয়। আমাকে বাংলাদেশ থেকে মনোনীত করা হয়েছে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. শামস রূহানী মেডিভয়েসকে বলেন, ‘এটা আমার জন্য খুবই আনন্দের, সেই সঙ্গে গর্বের বিষয়। সবার দোয়া থাকলে আরও সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।’

দায়িত্ব পালনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ ফিজিওলজিস্ট সোসাইটি ফিজিওলজি বিষয়ের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন, সেমিনার ও সেম্পোজিয়াম হয়। আন্তর্জাতিক সংগঠন হওয়ায় এসএএপিতেও আমরা আমাদের সোসাইটিকে তুলে ধরবো। এভাবে বাংলাদেশের সোসাইটির সঙ্গে অন্যান্য সোসাইটিগুলোর যোগাযোগ যেন আরও বাড়ে, সেজন্য চেষ্টা করবো।’ 

খুলনার সন্তান শামস রূহানী ২০০০ সালে মতিঝিল মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০০২ সালে রাজউক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

এর পর ২০০২-০৩ সেশনে ভর্তি হন কুমিল্লা মেডিকেল কলেজে। সেখানে থেকে ২০০৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। ডা. রূহানী এর পর ২০১৮ সালে ফিজিওলজি বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে এমডি সম্পন্ন করেন।

ডা. রূহানী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএএপি’র মতো আন্তর্জাতিক একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁকে মেডিভয়েসের শুভেচ্ছা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত