ডা. এস এ মালেকের মৃত্যুতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির শোক
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
আজ বুধবার (৭ ডিসেম্বর) সোসাইটির সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘ডা. এস এ মালেক স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের কাছে ডা. মালেক অত্যন্ত প্রিয় ও সম্মানের মানুষ ছিলেন। দেশ ও জাতির জন্য তাঁর অনেক অবদান রয়েছে। এরকম একজন ভালো চিকিৎসক ও সংগঠকের মৃত্যুতে ডেন্টাল সোসাইটি শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুক।’
অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন ডা. এস এ মালেক। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক এই উপদেষ্টা ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।