বিজয়ের মাসে ৯০ লাখ মানুষ পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। তিনি বলেন, দিবসটি উপলক্ষে টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১-৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল মেরিডিয়ানে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত আমরা ৯টি ক্যাম্পেইন আয়োজন করেছি। ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দিয়েছি ১৩ কোটি ৪৯ লাখ ডোজ। আগামী মাসে (ডিসেম্বর) উপলক্ষে আমরা ৯০ লাখ জনগোষ্ঠীকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বুস্টার ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘আমরা এর আগে যতগুলো ক্যাম্পেইন করেছি, সবগুলোই সফল হয়েছে। আশা করি এটিও সফল হবে। এ পর্যন্ত ১৩ কোটি ৯ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা আমরা দিয়েছি, যা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ। এ ছাড়াও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ কোটি ৪২ লাখ ডোজ, যা লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮৬ লাখ ডোজ, যা লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘গত বছরের ২৭ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। আমাদের ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনসংখ্যা ১৩ কোটি ৩১ লাখ। প্রথম ও দ্বিতীয় ডোজে আমরা অনেকদূর এগিয়ে গেলেও বুস্টার ডোজের জন্য অপেক্ষমাণ জনগোষ্ঠী এখনও চার কোটি ৫৮ লাখ।’