শেবাচিমের নতুন অধ্যক্ষ অধ্যাপক জামাল সালেহ উদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জামাল সালেহ উদ্দিন। তিনি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহীনের স্থলাভিষিক্ত হলেন।
রোববার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবস অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলিকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।
এর আগে, ডা. মো. জামাল সালেহ উদ্দিন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলেজের পেডিয়াট্টিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বও পালন করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের আটটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ গ্রেড-২ পদে উন্নীত করা হয়। যে কারণে বর্তমান অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান শাহীন গ্রেড ৩-এর অন্তর্ভূক্ত থাকায় তাকে সরিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে নিয়োগ প্রদান করা হয় এবং স্বাভাবিক নিয়মে ডা. মনিরুজ্জামান শাহীনকে তার দায়িত্বরত সার্জারি বিভাগের প্রধান করা হয়েছে।
শিক্ষা
শিক্ষাজীবনে ডা. জামাল সালেহ উদ্দিন ১৯৭৯ সালে ফৌজদার ক্যাডেট কলেজ থেকে এসএসসি, ১৯৮১ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৮ সালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
কর্মজীবন
নবম বিসিএসে স্বাস্থ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। ডা. জামাল সালেহ উদ্দিন কুমিল্লা স্বাচিপের আজীবন সদস্য ছিলেন। সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন তিনি।
জন্মস্থান
তাঁর জন্মস্থান লক্ষ্মীপুর শহরের সমশেরাবাদ এলাকায়। তাঁর বাবা মরহুম ডা. আবদুল আউয়াল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাসনামলে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ছিলেন। পারিবারিক জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক তিনি।
-
০১ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪