লার্ভা পেলে কোন ছাড় নয়, অভিযান চলবে: মেয়র আতিক
মেডিভয়েস রিপোর্ট: জনগণ সহযোগিতা না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ‘নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার’ শিরোনামে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ‘জনগণের সহযোগিতায় মাত্র ১২ ঘন্টায় কোরবানীর বর্জ্য অপসারণ করতে পেরেছি। অতএব জনগণ চাইলে ডেঙ্গুও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব। জনগণ সহযোগিতা না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হবে। ছাদ বাগানকে আমরা উৎসাহিত করছি। কিন্তু নিয়ম মেনে করতে হবে। ছাদ বাগানে পানি জমতে দেয়া যাবে না।'
ডিএনসিসি মেয়র বলেন ‘জলবায়ু পরিবর্তন জনিত কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী কর্মসূচি পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। আমরা দুটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। লার্ভা পেলে কোন ছাড় নয়। অভিযান চলমান থাকবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, ‘সবাইকে জানাতে হবে ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন। শিশুদেরকেও এ বিষয়ে শিক্ষা দিতে হবে। বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।’
স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে ডিএনসিসি মেয়র কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এসময় দুটি নির্মাণাধীন ভবনে অসংখ্য লার্ভা পাওয়া যায়। মেয়রের উপস্থিতিতে অঞ্চল ০৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ভবনকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে ভবিষ্যতে এই ভবনে লার্ভা জন্মাতে দেয়া হবে না প্রেক্ষিতে অঙ্গিকারনামা জমা না দেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে বলেও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬