করোনা সংকট কাটিয়ে উঠতে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: করোনামহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে যে সংকটময় পরিবেশ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে (৫ নভেম্বর) ৫১তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়ালি দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
তিনি বলেন, ‘এই যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) এবং করোনার কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তার ধাক্কা আমাদের দেশে এসেও পড়ছে। মূল্যস্ফীতির কারণে সব দেশই আজকে হিমশিম খাচ্ছে। প্রত্যেককে নিজেদের রিজার্ভ ব্যবহার করেই চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা দেশের মানুষের জন্য।’
সরকারকে উচ্চ মূল্যে সার, জ্বালানি তেল এবং ভোজ্যতেল কিনতে হচ্ছে জানিয়ে সবাইকে মিতব্যয়ী এবং সঞ্চয়ী হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে আরও এগিয়ে নিতে জনগণকে একত্রিত করে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে বরং সমবায় গঠনের মাধ্যমে খাদ্য উৎপাদন যেমন হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও অন্যান্য কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।