চাঁদাবাজি বন্ধের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে চাঁদাবাজি ও বখশিশ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রংপুরের সর্বস্তরের চিকিৎসক সমাজ।
আজ সোমবার ( ২৬ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অসাধু চক্রের দৌরাত্ব, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের প্রতিবাদ এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা।’
তারা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিভিন্ন সিন্ডিকেট উঠতে বসতে বখশিশের নামে, কখনো ট্রলির জন্য, কখনো লিফটে উঠার জন্য, কখনো লাশ নেয়াসহ নানাভাবে চাঁদাবাজি করে। এদের জন্য চিকিৎসকদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ কাজে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
প্রসঙ্গত, কিছুদিন আগে একই হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ বি এম রাশেদুল আমীর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে হয়রানির শিকার হন। এ বিষয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন রাশেদুল আমীর।