ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২২। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে ফার্মেসি লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য ‘একটি স্বাস্থ্য সম্মত পৃথিবীর লক্ষ্যে ঐক্যবদ্ধ ফার্মেসি সেবা’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নিয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ এমরান ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন।
ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত।