পঞ্চগড়ে নৌকা ডুবি, ৩০ মরদেহ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত অর্ধশত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
জানা যায়, মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি দুলতে শুরু করে। পরে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানিয়েছেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।