কক্সবাজার জেলা সদর হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার জেলা সদর হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি কমিটির) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের বিএন পাল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে হাসপাতালের বর্জ্য ব্যবস্থপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা, হাসপাতালে আগত দর্শনার্থীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার কলেবর বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুর রহমান সভাপতিত্বে আইপিসি ফোকাল ডা. আরিফুর রহমান সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডা. মোহাম্মদুল হক, সহযোগী অধ্যাপক ডা এসএম জামান, সিনিয়র কন্সালটেন্ট কবির আহমদ, আরপি ডা. সাইফুল্লাহ, আরএমও ডা. আশিকুর রহমান, সেবা তত্ত্ববধায়ক দৌলতুন্নেছা বেগম, ওটি ইনচার্জ শারমিন শিলা।
সভাপতির বক্তব্যে ডা. মোমিনুর রহমান বলেন, আমরা সেন্ট্রাল অটোক্লাভ (জীবাণুমুক্তকরণ) সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছি। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এ অটোক্লেভ অতি শীঘ্রই চালু করা হবে।
সভায় বক্তারা হাসপাতালের আইপিসি কার্যক্রম ফলপ্রসু করার জন্য আগত রোগী ও স্বজনদের আহ্বান জানান। তারা বলেন, একজন রোগীর সাথে একজন দর্শনার্থী (স্বজন) থাকবেন। রোগীর সাথে অতিরিক্ত দর্শনার্থীর না আসার জন্য অনুরোধ করা হয়, এতে রোগীর সংক্রমণের হার কমবে।
হাসপাতালের সংক্রমণ ও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যমক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ নার্স সুপারভাইজার ছৈয়দ আহমদ তানশীর উদ্দিন।