কলকাতার ‘মহাবঙ্গ সাহিত্য পরিষদ’ অ্যাওয়ার্ড পেলেন ডা. তানিয়া
মেডিভয়েস রিপোর্ট: ভারতের কলকাতার ‘মহাবঙ্গ সাহিত্য পরিষদ’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কবি ডা. তানিয়া রহমান তনি। আজ শুক্রবার (২২ জুলাই) কলকাতার রবীন্দ্র সদনের (বাংলা আকাদেমি চত্বর) ঐতিহ্যবাহী অবনীন্দ্র অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী বিশিষ্ট কবি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুরস্কারপ্রাপ্ত কবি সাহিত্যিকদের হাতে সম্মাননা তুলে দেন।
ডা. তানিয়া পেশায় একজন ডাক্তার হলেও মাত্র ১০ বছর বয়স থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন তিনি। ১৫ বছর বয়সে তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ ‘নবযাত্রা’ প্রকাশিত হয়। ১৮ বছর বয়সে একুশে বই মেলায় তাঁর দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘অপরাজিতা’ প্রকাশিত হয়।
নওগাঁ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ডা. তানিয়ার জন্ম ও বেড়ে ওঠা। তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মানব সেবার পাশাপাশি লেখালেখির চর্চাও চালিয়ে যেতে চান তিনি।
চলতি বছরে বাংলাদেশের ‘মাসিক সময়ের সুর সাহিত্য পুরস্কার’ লাভ এবং বাংলাদেশের ‘ইউএস বাংলা সাহিত্য সম্মান’ এর জন্য মনোনীত হন তিনি। ত্রিপুরা থেকে ‘ত্রিপুরেশ্বরী সাহিত্য সম্মান’ লাভ করেন এই চিকিৎসক।
এর আগে নওগাঁ জেলা আবৃত্তি পরিষদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া রংপুর সাহিত্য পরিষদ এবং বিভাগীয় লেখক পরিষদ থেকে সনদপ্রাপ্ত হন তিনি।
শিক্ষা জীবন
তিনি অষ্টম শ্রেণিতে রাজশাহী বোর্ড থেকে স্কলারশিপ প্রাপ্ত হন। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি জিপিএ-৫ এবং নওগাঁ সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হন। রংপুর প্রাইম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে এমবিবিএস পাশ করেন তিনি।