বন্যাজনিত রোগে আক্রান্ত বেড়ে ১৮৩৬৯: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কারও মৃত্যু না হলেও একই সময়ে নতুন করে ৭২৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বন্যাজনিত কারণে মোট আক্রান্ত বেড়ে ১৮ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১১৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৬৯ জন। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৮৪৯ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৫ ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ২১ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৬৮ এবং মৃত্যু হয়েছে ৯১ জনের। চর্মরোগে আক্রান্ত এক হাজার ৯৮০ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৩১৮ জন।
এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্যায় ঢাকা বিভাগে ১২৮, ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৭৪৯, চট্টগ্রামে ৫৯৪, রংপুর বিভাগে এক হাজার ৮১৪ জন ও সিলেট বিভাগে ১৩ হাজার ৮৪ জনসহ মোট ১৮ হাজার ৩৬৯ জন আক্রান্ত হয়েছেন।