‘বিশ্বের পঞ্চম বৃহৎ হাসপাতাল হবে বিএসএমএমইউর সুপার স্পেশালাইাজড’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইাজড হাসপাতাল বিশ্বের পঞ্চম বৃহৎ হাসপাতাল হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সোমবার (২৫ এপ্রিল) বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে বিএসএমএমইউ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে মাত্র ৩ হাজার বেডের হাসপাতাল। সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩ হাজার বেডের হাসপাতাল।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরিশ্রম করে স্বাস্থ্যখাতকে আজকের অবস্থায় নিয়ে এসেছেন। স্বাস্থ্যখাতে আগে ৮ হাজার ৩১২ জন চিকিৎসক ছিল মাত্র। সেই সংখ্যাকে প্রধানমন্ত্রী ২৫ হাজারের বেশী চিকিৎসক ক্যাডারে উন্নীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা বিগত ৫ বছরে ২০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। গত দুই বছরে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন।’
বিএসএমএমইউর ভিসি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সারা বিশ্বে ২৬তম রাষ্ট্রপ্রধান ও দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছেন। করোনার সময় জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে ৪১ হাজার কোটি বরাদ্দ দেন।’