ডেন্টাল ভর্তি পরীক্ষা: প্রতি আসনের বিপরীতে লড়বে ১২১
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ এপিল অনুষ্ঠিত হবে। আসন্ন এ ভর্তি পরীক্ষায় সর্বমোট ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২১ জন।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবে। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। গত ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।