৩০ মার্চ, ২০২২ ০৩:৪১ পিএম

৪০তম বিসিএসে স্বাস্থ্যে প্রথম ডা. মুবদি উন নাফি

৪০তম বিসিএসে স্বাস্থ্যে প্রথম ডা. মুবদি উন নাফি
ডা. শাহ মুবদি উন নাফি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন ডা. শাহ মুবদি উন নাফি। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৯ জনকে নিয়োগ সুপারিশ করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১১২ জনকে নেওয়া হবে। 

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে  সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করেছে। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ডা. শাহ মুবদি উন নাফি স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. শাহ মুবদি ফেসবুক তাঁর টাইম লাইনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছি।’

এরই মধ্যে ৪২তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী সার্জন হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন এই নবীন চিকিৎসক।

তিনি রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এর পর স্বাস্থ্য সেবায় নিজেকে সম্পৃক্ত করার ইচ্ছা থেকে ভর্তি হোন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস পাস করেন তিনি।

এই বিসিএসে এক হাজার ৯০৩ ক্যাডার নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, স্বাস্থ্য ক্যাডারে ১১২, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হয়। মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হয়। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

এরপর গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা কয়েকবার স্থগিত করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত