২৯ মার্চ, ২০২২ ১০:৫৭ এএম

পুরুষদের দ্বিতীয় ও মহিলাদের তৃতীয় মৃত্যুর কারণ কোলন ক্যান্সার: গবেষণা

পুরুষদের দ্বিতীয় ও মহিলাদের তৃতীয় মৃত্যুর কারণ কোলন ক্যান্সার: গবেষণা
এ ক্যান্সারে পুরুষদের মধ্যে প্রতি ২১ জনে একজন ও মহিলাদের মধ্যে প্রতি ২৩ জনে একজন এই রোগে ভোগেন। ছবি: মো. সোহেল গাজী

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বে পুরুষদের দ্বিতীয় ও মহিলাদের তৃতীয় মৃত্যুর কারণ হিসেবে কোলন ক্যান্সার দায়ী। পুরুষদের মধ্যে প্রতি ২১ জনে একজন ও মহিলাদের মধ্যে প্রতি ২৩ জনে একজন এই রোগে ভোগেন।

সোমবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোলন ক্যান্সার সচেতনতা নিয়ে এক আলোচনায় যুক্তরাষ্ট্রে পরিচালিত গবেষণার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহাদত হোসেন সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নিয়মিত শারীরিক ব্যায়ামের পরামর্শ দিয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে শাক-সবজি খেতে হবে এবং ফাস্টফুড ও অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করতে হবে।

কোলন ক্যান্সার নির্ণয়ের লক্ষ্যে মল পরীক্ষা (ফিট) করে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বলেও এ সময় জানান তিনি।

আলোচনা সভায় জানানো হয়, পায়ুপথ বা অন্ত্রনালীর ক্যান্সারের লক্ষণ হলো, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য, মল ত্যাগের পরে পেট খালি না হওয়া ভাব, রক্তসহ মল বা গাড় লাল বা কালো রঙের মল, মলদ্বার দিয়ে রক্ত পরা, পেট ফাঁপা বা ব্যথা, কিছু না খাওয়ার পরও পেট ভরা ভরা লাগা, দুর্বলতা ও অবসাদগ্রস্ত ভাব, হঠাৎ করে ওজন কমে যাওয়া, পেটে মাংসপিণ্ড আকৃতির অনুভব, রক্তশূন্যতা ইত্যাদি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ফুসফুসের ক্যান্সারের পরে পায়ুপথ বা অন্ত্রনালীর ক্যান্সার সারাবিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে। অন্ত্রনালীর ক্যান্সারের জন্য বেশ কিছু কারণ দায়ী। কোলন ক্যান্সারের ঝুঁকিসমূহ হলো-বৃদ্ধ বয়স, উচ্চ মাত্রার প্রাণীজ প্রোটিন, চর্বি জাতীয় খাবার গ্রহণ, অল্প আঁশ যুক্ত খাবার গ্রহণ, মদ্যপান। এ ছাড়া পূর্বে স্তন, ডিম্বাশয় বা জরায়ুর ক্যান্সারের ইতিহাস থাকলে, বংশগত কারো পায়ুপথ বা অন্ত্রনালীর ক্যান্সার থাকলে, আলসারেটিভ কোলাইটিস, ক্রন্স ডিজিজ বা আই বি ডি (অন্ত্রনালীর ঘা জাতীয় সমস্যা), স্থুলতা, ধূমপান, কায়িক পরিশ্রম না করা। পাশাপাশি কারো যদি খাদ্যান্ত্রে পূর্ব থেকে পলিপ বা ছোট মাংসপিণ্ড থেকে থাকে, তা ক্যান্সার রূপান্তরিত হতে পারে। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়াও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু তাহেরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক