অঞ্চল ভেদে ক্যান্সারের ঝুঁকি নির্ণয়ে গবেষণা জরুরি: ঢাবি প্রক্টর
মেডিভয়েস রিপোর্ট: দেশে ক্যান্সার রোগীদের অঞ্চল ভেদে ক্যান্সারের বিশেষ কোন ঝুঁকি আছে কি-না তা জানার জন্য গবেষণা জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ গ্যালারিতে ‘ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত ভলানটিয়ার এপ্রেসিয়েশান ডে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী।
প্রতিষ্ঠাকাল থেকেই ক্যান্সার রোগীদের সেবায় বেশ কিছু রোগীকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে ‘সিসিআরটি বাংলাদেশ’। এ বছরেও আয়োজন করেছে নানা সচেতনতামূলক অনুষ্ঠান। ২০২২ সালে দেশের ক্যান্সার রোগের বিশেষ চ্যালেঞ্জ অনুসন্ধান ও এর মোকাবেলায় কমপক্ষে পাঁচটি গবেষণা প্রকল্পে অনুদান দেবে জানিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে কান্সার থেকে সেরে ওঠার গল্প, ক্যান্সার রোগীদের চ্যালেঞ্জ নিয়ে আগতদের অনুভূতি আলাদা মাত্রা যোগ করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামশেদর সঞ্চালনায় বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট ড. মুশতাক ইবনে আয়ূবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাবিনা ইয়াসমিন, রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিকস এর চার্টার্ড মেম্বার এ্যাডভোকেট মহুয়া খায়ের, ক্যান্সার এ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিত ড. মোহাম্মদ মাসুমুল হক, রোশ বাংলাদেশের হেড অব ইন্ট্রিগেটেড স্ট্রাটেজিস জনাব মো. হাসান উজ জামানসহ প্রমুখ।