নবীনদের বরণ করে নিলো ঢাবি অধিভুক্ত পাঁচ কলেজ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়া স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পাঁচটি কলেজ ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছে কর্তৃপক্ষ। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) কলেজগুলোর স্ব-স্ব অডিটোরিয়াম ও বিভাগে ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছেন শিক্ষক ও কর্মকর্তারা। এরমধ্যে ঢাকা কলেজের শহীদ আ ন ম খুররম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতার মাধ্যমে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খন্দকার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে অধিভুক্ত করা হয় ঢাকার সাতটি কলেজকে। একাডেমিক জীবনের প্রথম বর্ষ থেকেই পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়টা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। একাডেমিক পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে হবে। ঢাকা কলেজে আবৃত্তি, সাইন্স ক্লাব, স্কাউট , বিএনসিসি রোভার সহ বিভিন্ন সংগঠন রয়েছে। এর মাধ্যমে নিজেদের যোগ্যতা ও দক্ষতা আরও বাড়াতে হবে।
অধ্যাপক সেলিম উল্ল্যাহ বলেন -চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে নিজেকে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা ও সেটার সুবিধা নিতে হলে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আগামীর দিনে যে যত প্রযুক্তিতে দক্ষ হবে তার জীবনে তত সুযোগের দুয়ার উন্মুক্ত হবে।