১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:০৪ পিএম

৩৯তম বিসিএসের চিকিৎসকদের প্রেষণ নিশ্চিতের দাবি এফডিএসআর’র 

৩৯তম বিসিএসের চিকিৎসকদের প্রেষণ নিশ্চিতের দাবি এফডিএসআর’র 
ডেপুটেশন নিশ্চিত না হলে চিকিৎসকদের প্রাপ্য অধিকার আদায়ে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মেডিভয়েস রিপোর্ট: যোগদানের দুই বছর পরও ৩৯তম বিসিএস’র প্রেষণবঞ্চিত চিকিৎসকদের অনতিবিলম্বে প্রেষণ দেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিটিলিস (এফডিএসআর)। অন্যথায় আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের চেয়ারম্যন ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর, ২০১৯ সালে যোগদান করে দুই বছরের বেশি সময় হলেও ৩৯তম বিসিএসের যেসব চিকিৎসক প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে চান্স পেয়েছেন, তাদের প্রাপ্য ডেপুটেশন দেওয়া হচ্ছে না। ডেপুটেশন না দেওয়ার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে, বিভিন্ন নগরকেন্দ্রিক কোভিড হাসপাতালে কর্মরত থাকার জন্য তারা গ্রামে দুই বছর থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের এমন সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এফডিএসআর।

বিবৃতিতে বলা হয়, যেসব তরুণ চিকিৎসক মহামারি চলাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করলেন, অথচ আজ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেখানে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হওয়ার কথা, সেখানে কতিপয় আমলার অমানবিক ও হয়রানিমূলক সিদ্ধান্তের কারণে আজ সেসব চিকিৎসকেরই সম্ভাবনাময় ভবিষ্যৎ বিপন্ন। 

বিবৃতিতে অবিলম্বে ৩৯তম বিসিএসে যোগদানকারী স্নাতকোত্তর কোর্সে চান্স পাওয়া সব চিকিৎসকের প্রাপ্য ডেপুটেশন প্রদানের জোর দাবি জানানো হয়। অন্যথায় চিকিৎসকদের প্রাপ্য অধিকার আদায়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানায় সংগঠনটি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত