এইচএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন
মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি, আলিম, এইচএসসি ভকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। সেখানে ফলাফলের সার-সংক্ষেপ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এবং তিনি ফলপ্রকাশের ঘোষণা দেবেন।
এবার এইচএসসি পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর। একমাসের মধ্যে এ পরীক্ষার ফলপ্রকাশের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসাবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলপ্রকাশের কথা। কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতেও বিঘ্ন ঘটে।
ফল জানবেন যেভাবে
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। যাদের দুই লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ছয় লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক ও দুই লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এ ছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা এবং এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।
এএইচ