চিকিৎসা ক্ষেত্রে গবেষণা জরুরি: পরিকল্পনামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা ক্ষেত্রে গবেষণা জরুরি বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কনফারেন্স কক্ষে আয়োজিত স্লিপ এপনিয়া বিষয়ে সচেতনতামূলক সেমিনারে এমন কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশ এখন সুন্দর সময় পার করছে । কিন্তু গবেষণা কেন হচ্ছে না ? এর কারণ আপনারা ভালো জানেন। এসব ক্ষেত্রে আমাদের অংশগ্রহণটা খুবই দুর্বল। গবেষণাকে বাড়ানোর জন্য সকল ক্ষেত্রে কাজ করা দরকার।’
তিনি বলেন ,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে গবেষণার প্রতি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে। কারণ এখানে আমাদের সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। গ্রাম অঞ্চলে ৮০ ভাগ লোক বাস করে। তাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এটা আরও উন্নতি করতে হবে। কীভাবে এটাকে আরও ভালো করা যায়, সেই বিষয়ে গবেষণা করতে হবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এ বিষয়ে তেমন কাজ নেই, সেখানে দুজন করে প্যারামেডিক থাকে যা যথেষ্ট নয়। সুতরাং কীভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে গবেষণা জরুরি।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমাদেশগুলো গবেষণা করে সব রোগের কারণ খুঁজে বের করছে, আমরা কেন বের করতে পারছি না? শেখ হাসিনা প্রায় আমাদের বলেন, এতো মেডিকেল, বিশ্ববিদ্যালয় করেছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় ইচ্ছাকৃতভাবে নামকরণ করে যেন একটু চাপ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গবেষণা যেটা করছি, এটা কম হচ্ছে মনে হয়।’
এ ছাড়া নিদ্রাহীনতা বিষয়ে সচেতনতামূলক সেমিনারে তিনি বলেন, ‘গুরুতর ঘুমের ব্যাধি স্লিপ এপনিয়া সম্পর্কে পরিচিত ছিলাম না। আমি জানতে আগ্রহী, বেশ পড়াশোনা করি কিন্তু পণ্ডিত নই। স্লিপ এপনিয়া কোন ভাষার শব্দ এটা আমার মনে প্রশ্ন ওঠে। এই শব্দটি যে সমস্যাজনিত এটা বুঝতে পেরিছি। আজ এখানে এসে এই শব্দটি সম্পর্কে কিছু জানলাম।’