এখনই বন্ধ হচ্ছে না স্কুল, কারিগরি কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনই বন্ধ হচ্ছে না। আপাতত প্রতি সপ্তাহে স্কুল-কলেজে করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তারপর এর আলোকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
আজ রোববার (৯ জানুয়ারি) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
পরামর্শক কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য প্রখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈঠকে বিধিনিষেধসহ অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সবশেষে আপাতত বিধিনিষেধ আসলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘প্রথমে একটি সপ্তাহ দেখা হবে। তারপর ওই সপ্তাহের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তীতে আবার করণীয় ঠিক হবে।’
তিনি আরও বলেন, জাতীয় কারিগরি কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আজকের বৈঠকের সকল সিদ্ধান্ত নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স আগামীকাল সকাল ১১টায় একটি ব্রিফ হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।