সুনামির মতো তাণ্ডব চালাচ্ছে ডেল্টা–অমিক্রন ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: সুনামির মতো তাণ্ডব চালাচ্ছে ডেল্টা–অমিক্রন ভ্যারিয়েন্ট। এমনই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।
আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে গতকাল বুধবার ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানোম গেব্রেয়াসুসের এসব মন্তব্য করেন।
এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো এক দিনে সর্বোচ্চ দুই লাখ আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া ডেনমার্ক, স্পেন, পর্তুগাল, গ্রিস, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় নতুন করে দৈনিক করোনা শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে গেছে।
বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সংক্রমণের নেপথ্যে থাকা করোনার দুটি ধরনের (ডেলটা ও অমিক্রন) প্রকোপকে ‘যুগল হুমকি’বলে সতর্ক করেছেন ডব্লিউএইচওর প্রধান।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলটার পাশাপাশি একই সময় আরও সংক্রামক ধরন অমিক্রনের বিস্তারে করোনা শনাক্তের সুনামি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
ডব্লিউএইচওর মহাসচিব বলেন, নতুন করে শুরু হওয়া করোনার এই প্রকোপ পরিশ্রান্ত স্বাস্থ্যকর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকবে। স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, উন্নত দেশগুলোর টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপক কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করতে পারে। কারণ দরিদ্র ও টিকাদানের হার কম—এমন দেশগুলোর পরিবর্তে টিকার সরবরাহ ধনী দেশগুলোতে যাচ্ছে। এই বিষয়টি করোনাভাইরাসকে অধিক বিস্তার লাভ ও মিউটেশনের সুযোগ তৈরি করে দিচ্ছে।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ