‘আগামী এপ্রিল নাগাদ দেশে সাড়ে ১৬ কোটি টিকা মজুদ’
মেডিভয়েস রিপোর্ট: ২০২২ সালে এপ্রিল নাগাদ দেশে সাড়ে ১৬ কোটি টিকা মজুদ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজ জুন পর্যন্ত ৩ কোটি লাগবে।
আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ষাটোর্ধ্ব ব্যক্তিদের আগে সুরক্ষিত করতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজের পাশাপাশি নিয়মিত করোনা টিকা দেওয়াও চলমান থাকবে।
টিকার জন্য যতো টাকা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে এ সময় জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরোও বলেন, বুস্টার ডোজের কার্যক্রম শুরু করতে পারছি। এর আগে আমরা অনেক দেশের আগেই দেশে টিকা কার্যক্রমের শুরু করতে পেরেছি। ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনারদের টিকা দিতে পেরেছি।
তিনি বলেন, টিকার ফলে দেশ নিরাপদে আছে। মৃত্যুর সংখ্যা এক ডিজিটেই আছে। গতকাল এক শতাংশেরও নিচে এসেছে। এত জনবহুল দেশে খুবই বিরল একটি বিষয়। সকলের সহযোগিতায় করে যাচ্ছি। প্রতিটি মানুষকেই যারা প্রাপ্য টিকা দিব।